Dhaka Mail Logo

সারাদেশ

নিখোঁজের পরদিন ধানখেতে মিলল গৃহবধূর মরদেহ মরদেহ

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ধানখেত থেকে হাসিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী পশ্চিমপাড়া এলাকার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসিনা বেগম ওই এলাকার মো. আবুল কালামের স্ত্রী এবং মো. সিরাজুল ইসলামের মেয়ে। তার বাবার বাড়ি জগতপুর গ্রামে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জননী।

পারিবারিক সূত্র ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর থেকে হাসিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন রোববার দুপুরে ছাতিয়ানী পশ্চিমপাড়ার একটি ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এক পথচারী। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান।

এলাকাবাসীর দাবি, শনিবার সকালে স্বামীর সঙ্গে হাসিনার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়েছিল। তবে ওই ঘটনার সঙ্গে তার মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

ওসি মো. ফারুক হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে বের করা হবে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস