Dhaka Mail Logo

সারাদেশ

শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে এনজিওকর্মী নিহত

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

শেরপুর সদর উপজেলায় ড্রাম ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরুল কায়েস (২৮) নামে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক মামুন (৪০) গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। জীবিকার তাগিদে নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। আহত অটোরিকশাচালক মামুনের বাড়ি শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামালপুরের কাঁচাবাজার থেকে কাঁচামাল নিয়ে অটোরিকশাটি শেরপুরের উদ্দেশে রওনা হয়। পথে নন্দীর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে জামালপুরের দিকে যাওয়া একটি ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার আরোহী ইমরুল ও চালক মামুন আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরুল কায়েসের মৃত্যু হয়। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, মাত্র সাত দিন আগে এসএস নামের একটি বেসরকারি এনজিওতে চাকরি শুরু করেছিলেন ইমরুল। রোববার সকালে মধুপুরের নিজ বাড়ি থেকে নালিতাবাড়ীর তিনানী শাখায় কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। পথেই দুর্ঘটনার শিকার হন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ইমরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। দুর্ঘটনার ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস