Dhaka Mail Logo

সারাদেশ

অপ্রতিম হত্যা মামলা: পরবর্তী চার্জ শুনানি ১৪ ডিসেম্বর

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার প্রথম চার্জ শুনানি শেষ হয়েছে। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ১৪ ডিসেম্বর। ওই দিন মামলায় প্রথমবারের মতো সাক্ষ্য উপস্থাপনের নির্দেশ দিয়েছেন বিচারক। 

রোববার (২৯ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এ তারিখ নির্ধারণ করেন। 

মামলার চার আসামির মধ্যে দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে ভার্চ্যুয়ালি চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) মো. বদিউল আলম সুজন সাংবাদিকদের এসব তথ্য জানান। 

তিনি বলেন, অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় আদালতে সরাসরি উপস্থিত হতে পারেনি। তাদের বিরুদ্ধে ভার্চুয়ালি চার্জ গঠন করা হয়েছে।

এদিকে শুনানি শেষে অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার বিচারিক কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। 

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করার যে আশ্বাস দিয়েছিলেন, সেই অনুযায়ী দ্রুত বিচারকাজ এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন। বিচারক অনুপস্থিত থাকায় প্রাপ্তবয়স্ক দুই আসামির শুনানি আজ অনুষ্ঠিত হয়নি বলেও জানান তিনি।

মামলার বিবরণে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। 

পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। 

গত ২০ অক্টোবর আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে গ্রেফতার চার আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়ামকে অভিযুক্ত করা হয়।

পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে আনা অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের বিচারিক প্রক্রিয়ায়।

প্রতিনিধি/এএইচ