Dhaka Mail Logo

সারাদেশ

মাদকের বিরুদ্ধে ‘কঠোর’ আরএমপি কমিশনার ফয়েজুল, বেড়েছে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে রাজশাহী মহানগরীতে অভিযান জোরদার করেছে পুলিশ। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন এক হাজার একজন।

বেড়েছে মামলা ও মাদক উদ্ধারের পরিমাণও। যোগদানের পরপরই তিনি কঠোর অবস্থান নিয়েছেন মাদকের বিরুদ্ধে। ‘মাদকের সঙ্গে কোনো আপস নয়, যত বড় চক্রই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না’- এমন স্পষ্ট নির্দেশ দেন তিনি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে মহানগরীতে মাদকবিরোধী অভিযানে মোট এক হাজার ২৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে মামলা হয়েছে ৯৬০টি। এসব মামলায় আসামি করা হয়েছে এক হাজার ৩৫৩ জনকে।

এ ছাড়া কমিশনার হিসেবে মোহাম্মদ ফয়েজুল কবির চলতি বছরের ৭ মে দায়িত্ব নেওয়ার পর মাদকবিরোধী অভিযানের সংখ্যাও বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে মাদকসংক্রান্ত ২০০টি মামলা হয়েছিল। এসব মামলায় আসামি ছিলেন ২৮৪ জন। গ্রেফতার করা হয়েছিল ২৬৭ জনকে। অন্যদিকে মে থেকে অক্টোবর পর্যন্ত ছয় মাসে মামলা হয়েছে ৭৬০টি এবং গ্রেফতার হয়েছেন এক হাজার একজন।

অর্থাৎ দায়িত্ব নেওয়ার আগের চার মাসে মাসে গড়ে ৫০টি মাদক মামলা হয়েছিল। পরের ছয় মাসে সেই গড় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২৭টিতে। একইভাবে মাসিক গড় গ্রেফতারের সংখ্যা ৬৭ থেকে বেড়ে হয়েছে প্রায় ১৬৭।

বেড়েছে মাদক উদ্ধার

মাদকবিরোধী অভিযানে গ্রেফতারের পাশাপাশি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। মে থেকে অক্টোবর পর্যন্ত ছয় মাসে ৭১ কেজি ৯১৮ গ্রাম গাঁজা ও একটি গাঁজাগাছ, ৭০১ দশমিক ৮৪ গ্রাম হেরোইন এবং ইয়াবা, ট্যাপেন্টাডল ও নিমেসুলাইডসহ বিভিন্ন ধরনের ২৫ হাজার ৩২৭টি ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া বাংলা মদ, চোলাই মদ ও তাড়ি মিলিয়ে ২০৩ দশমিক ৮২ লিটার এবং ২৫ বোতল, অ্যালকোহল ও ফেনসিডিল এক হাজার ৭৭৯ বোতল উদ্ধার করা হয়। বিভিন্ন ধরনের ৩০৯ বোতল সিরাপও জব্দ করেছে পুলিশ।

অন্যদিকে, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে ২৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩৫ দশমিক ৪৮ গ্রাম হেরোইন এবং ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ চার হাজার ৮১০টি ট্যাবলেট উদ্ধার হয়েছিল।

আরএমপির পৃথক ১২ মাসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মহানগরীতে মাদকসংক্রান্ত এক হাজার ১১৮টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে এক হাজার ৫০৮ জনকে। গ্রেফতার হয়েছেন এক হাজার ৪১৯ জন।

মাদক প্রবেশের পথে নজরদারি

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক প্রবেশের প্রধান রুট হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ও গোদাগাড়ী এলাকাকে চিহ্নিত করেছে আরএমপি। এসব পথে চেকপোস্ট, নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মহানগরীর আটটি থানায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানোর নির্দেশনাও রয়েছে।

পুলিশের পক্ষ থেকে মাদক সরবরাহের সঙ্গে জড়িত চক্র শনাক্ত ও তাদের আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনার কথাও জানিয়েছে পুলিশ।

অন্যান্য অপরাধ দমনেও অভিযান

মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জুয়া ও অন্যান্য অপরাধ দমনেও অভিযান চালাচ্ছে আরএমপি। আবাসিক হোটেল, নির্জন বাড়ি ও পরিত্যক্ত স্থানে জুয়ার আসরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া হারানো ১২৫টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানে মামলা ও গ্রেফতারের সংখ্যা বাড়লেও মাদক নির্মূলে সরবরাহব্যবস্থা বন্ধ করা এবং এর সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করা গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকের চাহিদা কমাতে সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রমও জোরদার করা প্রয়োজন।

এ বিষয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির (পিপিএম) বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু গ্রেফতার নয়, মাদকের সরবরাহ বন্ধ করা, তরুণদের সচেতন করা এবং মানবিক পুলিশিং দিয়ে মানুষের আস্থা অর্জন করাও আমাদের লক্ষ্য। রাজশাহীবাসীর সহযোগিতা পেলে আমরা এই নগরীকে মাদকমুক্ত মডেল মেট্রোপলিটন হিসেবে গড়ে তুলতে পারব।’