Dhaka Mail Logo

সারাদেশ

মাদারীপুরে মহাসড়ক অবরোধ, মিছিল থেকে আটক ৯

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের মিছিল থেকে ৯ তরুণকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আটক ৯ জনের বাড়িই শরীয়তপুরের বিভিন্ন এলাকায়। 

রোববার (২৯ নভেম্বর) ভোরে শিবচর উপজেলার কুতুবপুর থেকে আটক করা হয়।

ভোরে মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নুর-ই আলম লিটন চৌধুরীর ব্যানার নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করা হয়। পরে বিক্ষুব্ধরা পদ্মাসেতুর দক্ষিণপাশে থাকায় বিএনপির একটি অস্থায়ী ক্যাম্পে আগুন দেয়। পুড়ে যায় অর্ধশত মোটরসাইকেল। পাশাপাশি আগুনে পাশে থাকা একটি রেস্টুরেন্টেরও ব্যাপক ক্ষতি হয়।

এদিকে লকডাউন বাস্তবায়নে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাটে সকাল থেকে অবস্থান করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন তারা। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে তাদের অবস্থায় দেখে যাতায়াতকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদে সরে যান অনেকেই।

অপরদিকে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে দিয়ে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনকে জেলার বিভিন্ন এলাকায় অবস্থান করতে দেখা গেছে। লকডাউনের নামে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেন তারা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর বিপুল সদস্য।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, লকডাউনের নামে নিষিদ্ধ আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করছে তাতে প্রমাণ করে আওয়ামী লীগ সন্ত্রাসী দল। তাদের এই আন্দোলন দেশের মানুষ মেনে নেবে না। সকাল থেকে রাজপথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয় রয়েছে। পরিস্থিতি মোকাবিলা সর্বাত্মক মাঠে থাকবে বিএনপি।’

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘আন্দোলনের নামে নাশকতা ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, এসআরবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। জনগণের নিরাপত্তায় কাজ করছে বাহিনীর সদস্যরা।’

প্রতিনিধি/এলএ