Dhaka Mail Logo

সারাদেশ

তিন হাজার শিক্ষার্থীর ভরসা এক ভবন, সংকটে জর্জরিত আমতলী সরকারি কলেজ

২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

একসময় যে কলেজের শ্রেণিকক্ষগুলোতে মুখর থাকত শিক্ষার্থীদের পদচারণ, সেখানে এখন কক্ষের অভাবে পাঠদান চালাতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। ছয়টি ভবনের মধ্যে পাঁচটিই ব্যবহারের অনুপযোগী। প্রায় তিন হাজার শিক্ষার্থীর পাঠদানের ভরসা এখন মূলত একটি একাডেমিক ভবন। জায়গার সংকটে কোথাও ক্লাস হচ্ছে টিনের ঘরে, কোথাও আবার পরীক্ষা নিতে হচ্ছে অস্থায়ী কক্ষে। শুধু ভবন নয়, শিক্ষক ও আবাসন সংকটও প্রকট। এমন পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে বরগুনার আমতলী সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম।

১৯৬৯ সালে সাবেক এমপিএ (তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য) মফিজ উদ্দিন তালুকদারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আমতলী সরকারি কলেজ। ২০১৬ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। বর্তমানে এখানে প্রায় তিন হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে জাতীয়করণের প্রায় এক দশক পেরিয়ে গেলেও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে অভিযোগ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। ২০২২ সালে একটি নতুন একাডেমিক ভবন নির্মিত হলেও পুরনো ভবনগুলোর অধিকাংশই এখন পরিত্যক্ত।

কলেজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর সত্তর ও আশির দশকে ক্যাম্পাসে পাঁচটি ভবন এবং একটি টিনশেড ছাত্রাবাস নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভবনগুলো ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ে। একপর্যায়ে সেগুলোর অধিকাংশই ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে নির্মিত একটি ভবন প্রায় পাঁচ বছর আগে ধসে পড়েছে। সেখানে এখন ভবনের কয়েকটি দেয়াল ছাড়া তেমন কিছু অবশিষ্ট নেই। পাশের দ্বিতল একাডেমিক ভবনের পিলার ও ছাদের পলেস্তারা খসে পড়েছে। ভবনটির বিভিন্ন অংশে ফাটল ও জরাজীর্ণতার চিহ্ন স্পষ্ট।

আমতলী সরকারি কলেজের তিন নম্বর ভবন। ছবি: জাকির হোসেন
আমতলী সরকারি কলেজের তিন নম্বর ভবন। ছবি: জাকির হোসেন

আরেকটি পুরনো ভবনের দ্বিতীয় তলায় অধ্যক্ষের কক্ষ ও শিক্ষক মিলনায়তন রয়েছে। ভবনটি এতটাই নড়বড়ে যে শিক্ষার্থীদের চলাচলের সময় কেঁপে ওঠে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভবন সংকটের কারণে ঝুঁকি থাকা সত্ত্বেও সেখানে কোনো কোনো সময় ক্লাস নিতে হয়।

পাশের আরেকটি দ্বিতল একাডেমিক ভবন প্রায় দুই বছর ধরে পরিত্যক্ত। দরজা-জানালা খুলে পড়েছে, ছাদের পলেস্তারা খসে পড়েছে। নিরাপত্তার জন্য ভবনটির প্রবেশপথে তালা লাগিয়ে রাখা হয়েছে। একইভাবে পাশের একতলা ছাত্র মিলনায়তন ভবনটিও আগে এইচএসসি বিএমটি শাখার কার্যক্রমে ব্যবহৃত হতো। কিন্তু সেটিও জরাজীর্ণ হয়ে পড়ায় এখন তালাবদ্ধ।

ফলে ২০২২ সালে নির্মিত নতুন একাডেমিক ভবনের ওপরই মূলত নির্ভর করতে হচ্ছে কলেজ কর্তৃপক্ষকে। শ্রেণিকক্ষের সংকটে বাধ্য হয়ে টিনের ঘরেও ক্লাস ও পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় এ ব্যবস্থা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষক সংকটে ব্যাহত পাঠদানভবন সংকটের পাশাপাশি কলেজটিতে রয়েছে তীব্র শিক্ষক সংকট। বাংলা, ইসলামের ইতিহাস, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ে কোনো শিক্ষক নেই। ভূগোল ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে রয়েছেন মাত্র একজন করে শিক্ষক। ফলে সংশ্লিষ্ট বিষয়গুলোর পাঠদান ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় চাপ তৈরি হচ্ছে।

এ ছাড়া কলেজের তিনটি চতুর্থ শ্রেণির কর্মচারীর পদের মধ্যে দুটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। প্রয়োজনীয় জনবল না থাকায় প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রমেও সমস্যার সৃষ্টি হচ্ছে।

আমতলী সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন এক নম্বর ভবন। ছবি: জাকির হোসেন
আমতলী সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন এক নম্বর ভবন। ছবি: জাকির হোসেন

কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মীম ও মেহেদি হাসান আখতার বলেন, দীর্ঘদিন ধরে ভবন সংকট চললেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। শ্রেণিকক্ষের অভাবে বিভিন্ন বিভাগের ক্লাসের সময়সূচি সমন্বয় করতে হয়। একই সময়ে একাধিক শ্রেণির ক্লাস নেওয়া সম্ভব না হওয়ায় অনেক শিক্ষার্থী নিয়মিত পাঠদানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুন্নী আক্তার বলেন, কলেজে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। স্বাভাবিকভাবে পাঠদান চালাতে আরও চার-পাঁচটি একাডেমিক ভবন নির্মাণ করা প্রয়োজন।

শ্রেণিকক্ষের পাশাপাশি আবাসন সংকটও দীর্ঘদিনের। কলেজ প্রতিষ্ঠার সময় দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের থাকার জন্য একটি টিনশেড ছাত্রাবাস নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে ভবন সংকটের কারণে ওই টিনশেড ঘরটি ক্লাস ও পরীক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে শিক্ষার্থীদের আবাসনের সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রুবেল হোসেন বলেন, ছাত্রাবাস না থাকায় বাইরে বিভিন্ন মেসে বেশি টাকা ভাড়া দিয়ে থাকতে হয়। এতে পরিবারের ওপর আর্থিক চাপ বাড়ছে। পাশাপাশি যাতায়াত ও থাকার সমস্যার কারণে পড়াশোনাতেও বিঘ্ন ঘটে।

কলেজ প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসে পূর্ণাঙ্গ সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়নি। ফলে অবাধে গরু-ছাগল প্রবেশ করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে। কলেজ কর্তৃপক্ষ বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী বেড়া তৈরি করলেও তা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, রাতের বেলায় ওই বেড়ার ফাঁক দিয়ে বহিরাগতদের প্রবেশের ঘটনাও ঘটে।

আমতলী সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন ছাত্রাবাস। টিনের ঘর হওয়া এখানে কেউ থাকে না। ছবি: জাকির হোসেন
আমতলী সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন ছাত্রাবাস। টিনের ঘর হওয়া এখানে কেউ থাকে না। ছবি: জাকির হোসেন

কলেজ-সংশ্লিষ্টদের অভিযোগ, ২০১৬ সালে জেলা পরিষদের তৎকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রয়াত মো. দেলোয়ার হোসেনের আত্মীয়স্বজন ও অনুসারীদের নেতৃত্বে কলেজ ও ইউএনও কার্যালয়ের সামনের কিছু জমি দখল করা হয়। পরে সেখানে ছোট ছোট টিনশেড দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব দোকানের কিছু ভাড়া দিয়ে দখলকারীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক ও অভিভাবক বলেন, কলেজের সামনের জমি দখল হয়ে যাওয়ায় সীমানাপ্রাচীর নির্মাণের পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে। এতে কলেজের নিরাপত্তা ও সৌন্দর্য দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দখল হওয়া জমি উদ্ধারের দাবি জানান।

আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন বলেন, কলেজে প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছে। ভবন সংকটের কারণে স্বাভাবিকভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। ভবন ও শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রতিনিধি/এসআই