জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম
নেত্রকোনায় মো. আমিরুল ইসলাম নামে এক ছাত্রদল নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ছয়টার দিকে নেত্রকোনা শহরের সাতপাই এলাকার কেডিসি রোডসংলগ্ন আমিরুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এসব জিনিস ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি জানার পর আমিরুল কার্যালয়ে যান। খবর পেয়ে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আমিরুল ইসলাম নেত্রকোনা শহরের সাতপাই এলাকার আকরাম হোসেনের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

চিরকুটে আমিরুলকে অশালীন ভাষায় গালাগাল করার পাশাপাশি আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর তাকে মোক্তারপাড়ার জুলাই চত্বরে নিয়ে মারধরের পর বুকে ছয়টি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। তার বাড়ি নেত্রকোনা থেকে সরিয়ে নেওয়ার সুযোগ নেই বলেও চিরকুটে উল্লেখ করা হয়েছে।
চিরকুটের শেষে ‘সর্বহারা গ্রুপ’ লেখা রয়েছে। এ ছাড়া এতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ দুটি স্লোগানও লেখা আছে।
এ বিষয়ে আমিরুল ইসলাম বলেন, জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। তার দাবি, সেই কারণেই পতিত আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়েছে। চিরকুটে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী এ ঘটনাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আমিরুলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস