Dhaka Mail Logo

সারাদেশ

ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী আহত

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গ্যাস উদ্‌গিরণের ঘটনায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনার দুই দিন পর আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে গ্যাসকূপ এলাকায় এ বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ইনানী ছোট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস ছালাম জানান, সম্প্রতি গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে জরিপের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে। এতে বাপেক্সের সাত কর্মী দগ্ধ হন।

8c40fbbf-619f-4cdc-a391-f4067e7461fd

আহত ব্যক্তিদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনি রয়েছেন। আহত সাতজনের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

cox

এর আগে, গত ২৭ অক্টোবর ইনানী ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে গ্যাসে আগুন ধরে যায়। এরপর টানা ৩১ দিন ধরে আগুন জ্বলতে থাকে। দীর্ঘ প্রস্তুতি ও দেশীয় প্রযুক্তিতে কয়েক দফা প্রচেষ্টার পর গত ২৭ নভেম্বর সকালে বাপেক্স আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

8d116275-287c-4a8d-8cb7-0c5ca0d20a77

আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাসের উৎস, মজুত ও ভূতাত্ত্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে সেখানে জরিপের কাজ শুরু করে বাপেক্স। এর মধ্যেই নতুন করে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মীরা আহত হলেন।

প্রতিনিধি/এসএস