জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান বলেছেন, সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারলেও সীমান্ত দিয়ে শেখ হাসিনা বা তার কোনো দোসরকে শ্যামনগরের মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না।
রোববার (২৯ নভেম্বর) শ্যামনগর উপজেলা বিএনপি আয়োজিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ড. মনিরুজ্জামান বলেন, “সুন্দরবনের কোল ঘেঁষে আমাদের এই অঞ্চল বেষ্টিত, এই শ্যামনগর উপজেলা। সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত থেকে হাসিনা তো দূরের কথা, তার কোনো দোসরকে আমরা এই মাটিতে প্রবেশ করতে দেব না।”
শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা-কর্মীদের ওপর জুলুম, অত্যাচার ও নির্যাতন করা হয়েছে। চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, সারা দেশে অসংখ্য মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে।

ড. মনিরুজ্জামান আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শেষ পর্যায়ে শেখ হাসিনার পতনের আগে কয়েক দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। তাদের পরিবারের সদস্যদের কষ্ট এখনো শেষ হয়নি। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির নেতা-কর্মীরা গত নয় মাস ধরে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে চলেছেন দাবি করে তিনি বলেন, শ্যামনগরে আগের সময়ের মতো বিরোধী মতের নেতা-কর্মীদের ওপর জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা ঘটেনি। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছেন এবং তা অব্যাহত রাখবেন।
প্রতিবেশী দেশের সমালোচনা করে ড. মনিরুজ্জামান বলেন, একটি দেশ তাদের সর্বশক্তি নিয়োগ করে শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশকে আবার করদ রাজ্যে পরিণত করতে চায়। তবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে এবং বাংলাদেশ আর ভারতের গোলামি করবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির। উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক ইলাহী মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, মাসুদুল আলম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদুল ইসলাম আমজাদ।
এ ছাড়া বক্তব্য দেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকত আলী, কৈখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, কামরুজ্জামান, আজিজুর, আনোয়ার, মন্টু, দুলু, আঙ্গুর ও সিদ্দিকসহ স্থানীয় বিএনপির নেতারা।
প্রতিনিধি/এসএস