জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা একটি মেইল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যদিও আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত তা নিয়ন্ত্রণ করেন ট্রেনটির কর্মীরা। এসময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিলেন না।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে ট্রেনটি দেওয়ানহাট ইয়ার্ড থেকে চট্টগ্রাম রেলস্টেশনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

রেলসূত্রে জানাযায়, ট্রেনটি ইয়ার্ড থেকে স্টেশনে যাওয়ার পথে কদমতলী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই রেলকর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। এতে বগির দুটি আসন সামান্য পুড়ে যায়।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর জানান, ট্রেনটি দেওয়ানহাটের ইয়ার্ড থেকে স্টেশনে আসার সময় কদমতলীতে পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুঁড়ে দুটি সিটে আগুন দেওয়া হয়। দুয়েক মিনিটের মধ্যে রেলের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।
প্রতিনিধি/টিবি