Dhaka Mail Logo

সারাদেশ

মালয়েশিয়া পাচারের চেষ্টা, নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সাগরপথে একটি কাঠের ট্রলারে করে অবৈধভাবে লোকজনকে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ট্রলারটির গতিবিধি নজরদারিতে রাখে কোস্ট গার্ড। একপর্যায়ে ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করেন কোস্ট গার্ড সদস্যরা।

5667f78d-75d2-4664-87fd-f43de97c038b

আটকের পর ট্রলারে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে সাগরপথে যাত্রা করেছিলেন। পরে ট্রলার থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং বাকি ২৭০ জন বাংলাদেশি নাগরিক।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করে বলেন, সাগরপথে মানবপাচারের সময় একটি ট্রলারসহ নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে রোববার দুপুরে টেকনাফে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রতিনিধি/এসএস