Dhaka Mail Logo

সারাদেশ

রংপুর প্রেসক্লাব মার্কেটের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

রংপুর নগরীর প্রেসক্লাব বিপণিবিতান মার্কেটের সামনে পড়ে থাকা রশি দিয়ে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এসআরবি-১৩ এর বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুটি উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী হকাররা জানান, সকাল ৭টার দিকে চলন্ত একটি মোটরসাইকেল থেকে প্রেসক্লাব মার্কেটের প্রধান ফটকের দিকে বস্তুটি ছুড়ে ফেলে দুর্বৃত্তরা। এরপর মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ও এসআরবি-১৩ এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। দুর্ঘটনা এড়াতে বস্তুটি একটি বালতিতে পানির মধ্যে রাখা হয়। এ সময় ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

উদ্ধার করা বস্তুটি ককটেল বা হাতবোমা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও এর প্রকৃত ধরন সম্পর্কে নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বেলা ১১টার দিকে এসআরবি-১৩ এর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা বস্তুটির ভেতরে কী রয়েছে, তা বোমা নিষ্ক্রিয়কারী দলের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হবে।

এটি কী ধরনের বস্তু এবং বিস্ফোরিত হলে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এর আগে কোনো মন্তব্য করতে চান না তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করে আরপিএমপির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি রংপুর প্রেসক্লাব মার্কেটের সামনে বস্তুটি রেখে চলে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেটি নিরাপত্তার আওতায় নিয়ে আসে। এ সময় এসআরবি-১৩-এর একটি নিয়মিত টহল দলও ঘটনাস্থলে উপস্থিত হয়।

তিনি আরও বলেন, মোটরসাইকেলে আসা ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। তবে এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে।

প্রতিনিধি/এসএস