জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধানকুড়া ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক মতিউর রহমানের বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বাবা আহত হয়েছেন। আগুনে ঘরের বারান্দায় রাখা ধান, খাটের মশারি ও তোশক পুড়ে গেছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ধানকুড়া ইউনিয়নের কামতা গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।
মতিউর রহমান কামতা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ধানকুড়া ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক।
স্থানীয়রা জানান, রাতে মতিউরের বাবার চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়। পরে বাড়িতে গিয়ে তারা দেখতে পান, ঘরের বারান্দায় রাখা ধানের গোলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় গ্রামের লোকজন একত্র হয়ে পানি দিয়ে আগুন নেভান। পরে পুলিশকে খবর দেওয়া হলে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন পুলিশ সদস্যরা।

মতিউর রহমান বলেন, রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাবার চিৎকারে ঘুম ভেঙে বাইরে এসে তিনি বারান্দায় আগুন জ্বলতে দেখেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নেভান।
তিনি আরও বলেন, আগুনে তার বাবার পরনের গেঞ্জি পুড়ে যায় এবং তিনি আহত হন। এ ছাড়া বারান্দায় রাখা ধান এবং জানালা দিয়ে আগুনের শিখা ঘরে ঢুকে খাটের মশারি ও তোশক পুড়ে যায়। সময়মতো সবাই মিলে আগুন না নেভালে বাড়ির সবকিছু পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল।
সাটুরিয়া থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস