Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে অভিযান, ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার ২০

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ০৮:১০ এএম

ফেনীতে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে মাটি ভর্তি ড্রাম ট্রাকসহ একজনকে আটক করেছে পুলিশ। একই অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য, কিশোর গ্যাং সদস্য, জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক কারবারি ও মাদকসেবীসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে ফেনী মডেল থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, অভিযানকালে শনিবার ভোরে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর বাজার তিন রাস্তার মোড় গ্যাস ফিল্ড রাস্তার মাথায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মাটি ভর্তি ড্রাম ট্রাকসহ মো. ওসমান গণি সেলিম (৫৫) নামে একজনকে আটক করা হয়। তিনি মহাইয়া জমিদার বাড়ির মৃত মুনাফের ছেলে।

এ ছাড়া সুন্দরপুর এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. হামিদুল্লাহ (২০) নামে এক আসামিকে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালীর সুবর্ণচর এলাকার চর তেরাবর আলী এলাকার মো. আবদুল হান্নানের ছেলে। হামিদুল্লাহকে ধর্ষণ মামলায় গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য, জিআর ও সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি ও মাদকসেবীসহ ২০ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মাদক নির্মূলে নিয়মিত মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি