Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপির বাড়িতে আগুন

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ০২:১৯ এএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনার জেরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত আটটা থেকে ১১টার মধ্যে দফায় দফায় এসব সহিংসতার ঘটনা ঘটে।

আহমদ হোসেনের বাড়িতে আগুন দেওয়ার আগে হামলার ঘটনায় অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে বড়রূহী গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালায়। রানাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ খবর ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে বিক্ষুব্ধ লোকজন বড়রূহী গ্রামে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেয়।

এর প্রায় আধা ঘণ্টা পর উপজেলার বিশকাকুনি গ্রামে বর্তমানে কারাবন্দি আওয়ামী লীগ নেতা আহমদ হোসেনের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অন্তত পাঁচটি ঘর পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান মুঠোফোনে অভিযোগ করেন, বিএনপি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী অতর্কিত এসে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, রাত আটটার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিল। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করে।

ওসি আরও জানান, হামলার জেরে রফিক নামের ওই যুবলীগ নেতার বাড়িতে উত্তেজিত জনতা আগুন দিয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

এর আরও কিছুক্ষণ পর উত্তেজিত জনতারা সাবেক এমপি আহমদ হোসেনের বাড়িতে আগুন দিলে পাঁচ ছয়টি ঘর পুড়ে গেছে।

এদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। কারা অগ্নিসংযোগে জড়িত তা তিনি জানেন না উল্লেখ করে তিনি বলেন, দলের নেতাকর্মীদের এ ধরনের তৎপরতা থেকে শান্ত ও বিরত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এজে