জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ০২:০৩ এএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ২ নাম্বার পুরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান শিপলুর পক্ষে বিশাল নির্বাচনী প্রচারণা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়।
এদিন র্যালিতে প্রায় ৭৫০টি ভ্যান ও ২৮০টি মোটরসাইকেল অংশ নেয়। হাজারো সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে র্যালিটি রঘুনাথপুর থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভ্যান ও মোটরসাইকেলের দীর্ঘ বহর, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ইউনিয়ন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর পুরুলিয়া ইউনিয়নে এত বড় নির্বাচনী র্যালি দেখা গেল। ভ্যান ও মোটরসাইকেলের বিশাল বহর দেখতে রাস্তার দুই পাশে ভিড় জমান উৎসুক জনতা।
এলাকার একজন বাসিন্দা বলেন, “শিপলু ছাত্রজীবন থেকেই মানুষের পাশে থাকে। বিপদে-আপদে তাকে কাছে পাওয়া যায়। তাই এবার তরুণরা তার পক্ষে মাঠে নেমেছে।”
আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “আজকের র্যালি দেখে মনে হচ্ছে, পুরুলিয়ায় এবার পরিবর্তন আসবে। সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ দেখা যাচ্ছে।”
প্রচারণায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তরুণ, বৃদ্ধ, ব্যবসায়ী, কৃষকসহ নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ বিশাল প্রচারণার মধ্য দিয়ে ২ নং পুরুলিয়া ইউনিয়নে সাইফুর রহমান শিপলুর নির্বাচনী তৎপরতা ও সমর্থকদের শক্ত অবস্থান জানান দেওয়া হয়।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুর রহমান শিপলু বলেন, “আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে পুরুলিয়া ইউনিয়নকে একটি মডেল, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যুব সমাজের উন্নয়নে কাজ করব।”