জেলা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে ৪৮ ঘণ্টার লকডাউনের সমর্থনে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কালীগঞ্জ-গাজীর বাজার সড়কের পান্তাডাঙ্গা এলাকায় এ মিছিল বের করা হয়। মিছিল থেকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
৫২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আতিফ আসলাম নাম লেখা একটি ব্যানার সামনে রেখে ১০ থেকে ১৫ জন সড়কের ওপর টায়ার জ্বালিয়ে হাতে মশাল নিয়ে মিছিল করছেন। এ সময় তারা সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলের ভিডিওটি ধারণের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওতে অংশ নেওয়াদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে অংশগ্রহণকারীদের আতিফ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট-বোমা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ ও ৩০ নভেম্বর ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির সমর্থনে এ মশাল মিছিল বের করা হয়। রাতের বেলায় সড়কে টায়ার জ্বালিয়ে মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে এ কর্মসূচির আয়োজক কারা এবং এতে অংশ নেওয়া ব্যক্তিরা কোন পর্যায়ের নেতাকর্মী, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, মিছিলের বিষয়টি তার জানা নেই। তবে কেউ মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এলএ