Dhaka Mail Logo

সারাদেশ

আ.লীগের সহিংসতা: খুলনা থেকে ঢাকাগামী বাস ফের বন্ধ

জেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধারাবাহিক সহিংসতার জেরে এবং নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন মালিক এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। 

তবে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। 

সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা মো. আব্দুল হান্নান বলেন, সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনা থেকে কয়েকটি গাড়ি গোপালগঞ্জ-পদ্মা সেতু পার হয়ে ঢাকায় গেছে। কিন্তু দুপুরের পর থেকে গোপালগঞ্জের সড়কে পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় খুলনা থেকে কোনো গাড়ি পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।  

তিনি আরও বলেন, আমরা গাড়ি ছাড়তে চাইলেও যাত্রীরা যেতে চাইছে না। তবে বিকল্প রুট হিসেবে যশোর-মাগুরার রাস্তা ব্যবহার করা হবে। দুপুরের পর থেকে সকল যাত্রীদের ফোন করে টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

টুঙ্গিপাড়া পরিবহনের এক কর্মকর্তা জানান, সন্ধ্যা থেকে সব টিপ বন্ধ রয়েছে। সড়কে নিরাপত্তা না থাকায় ঢাকা-খুলনা রুটের সব গাড়ি বন্ধ রাখা হয়েছে। সড়কে নিরাপত্তা ফিরলে পুনরায় এ রুটে গাড়ি চালু করা হবে।

খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বলেন, শনিবার বিকেল থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশে যাওয়া সকল গাড়ি বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল থেকে গাড়িগুলো বিকল্প পথ হিসেবে যশোর-মাগুরা রোড ব্যবহার করবে। যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এ রাস্তায় পরিবহন বন্ধ রাখা হয়েছে।

প্রসঙ্গত, গোপালগঞ্জের পর বাগেরহাটেও ব্যাপক সহিংসতা চালাচ্ছে পতিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বিকেল থেকে এ জেলায় গোপালগঞ্জ থেকে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপির দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে। ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ঘটনাস্থলে রয়েছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম ও এসআরবি টিম।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের একটি মিছিল দেশীয় লাঠিসোঁটা নিয়ে মোল্লাহাটের দিকে এলে নদীর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোল্লাহাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে গত ১৮ নভেম্বর গোপালগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের সহিংসতার জেরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সব রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। 

সে সময় গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির করে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখে খুলনা বাস মালিক সমিতি। 

এএইচ