জেলা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম
কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ আবু গায়িব (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর প্রায় আট ঘণ্টার অভিযান শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত আবু গায়িব পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পূর্ব লাইট হাউস ফাতেরঘোনা এলাকার বাসিন্দা।
এর আগে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে পুকুরের পাশ থেকে কিশোরটির ব্যবহৃত একটি সাইকেল, জুতা ও পরনের গেঞ্জি উদ্ধার করা হয়। পরে প্রায় আট ঘণ্টা তল্লাশি শেষে সন্ধ্যার দিকে পুকুরের মাঝখানে শোয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও উপজেলা পরিষদের এই পুকুরে পানিতে ডুবে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনা ঘটলেও পুকুরের চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা না থাকায় উদ্বেগ বাড়ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুকুরের চারপাশে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার সন্ধ্যার পরে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতিনিধি/ এজে