Dhaka Mail Logo

সারাদেশ

মোহাম্মদপুরে বিনামূল্যে ৪০ হতদরিদ্রের চোখের ছানি অপারেশন

ঢাকা মেইল ডেস্ক

২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

অন্ধকার থেকে আলোয় ফেরার স্বপ্ন— মানবতার এই মহৎ প্রত্যয় নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে ৪০ জন দরিদ্র ও অসহায় রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুরের আইরিছ আই হাসপাতালে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংস্থার কর্ণধার এম. এ. ওয়াদুদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে অর্থায়ন করেন আমেরিকা প্রবাসী মানবিক হৃদয়ের দুই দানশীল ব্যক্তি মনোয়ার হোসেন তালুকদার ও রওশন আরা হোসেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন- সেলিনা আক্তার পপি, শ্যামল জাকারিয়া, ডা. এস এম ফাহাদ, ডা. ফাইজুল কাদির, ডা. নাহাল মোস্তাক।

২০০২ সাল থেকে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি অসহায় মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা, ছানি অপারেশন ও লেন্স স্থাপনের সেবা প্রদান করা হয়েছে। 

আয়োজকরা বলেন, একজন মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়া মানে শুধু দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া নয়, তার জীবনে নতুন করে বেঁচে থাকার আনন্দ ফিরিয়ে দেওয়া।

এ মহতী উদ্যোগে আইরিছ আই হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি মানবসেবার এ ধারাকে অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এলএ