জেলা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম
বাগেরহাটের মোল্লাহাটে গোপালগঞ্জ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে রয়েছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম ও এসআরবি টিম।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মধুমতি নদীর ওপর অবস্থিত সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের একটি মিছিল দেশীয় লাঠিসোঁটা নিয়ে মোল্লাহাটের দিকে এলে নদীর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোল্লাহাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এএইচ