Dhaka Mail Logo

সারাদেশ

ভারতে ৩ বছর কারাভোগ শেষে ফিরলেন ২ বাংলাদেশি 

উপজেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

ভালো কাজের আশায় পাড়ি দিয়েছিলেন ভারতে। স্বপ্ন ছিল পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার, জীবনে একটু ভালো থাকার। কিন্তু সেই স্বপ্নের পথেই নেমে আসে দুর্ভাগ্য। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে কাটাতে হয় দীর্ঘ তিন বছর কারাগারে। অবশেষে সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি। 

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। 

দেশে ফেরা দুজন হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সানকিভাঙ্গা গ্রামের নাজমুল হাওলাদার এবং চাঁদপুর জেলার কচুয়া থানার বড়দল গ্রামের বাসিন্দা নয়নতারা (ছদ্মনাম)। 

পুলিশ সূত্রে জানা যায়, ভালো কাজের আশায় তারা ভারতে যান। সেখানে ঝাড়খণ্ড রাজ্যে বাসাবাড়ি ও ইটভাটায় কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে ঝাড়খণ্ড পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে আদালত তাদের তিন বছরের কারাদণ্ড দেন। দীর্ঘ কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠায়। 

শুক্রবার রাতে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের যশোরভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে হস্তান্তর করে। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, তিন বছর কারাভোগ শেষে ভারত থেকে ফেরত আসা দুই বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোরের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানান, বেনাপোল পোর্ট থানা থেকে তাদের গ্রহণ করে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

প্রতিনিধি/এএইচ