জেলা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
নড়াইলের কালিয়ায উপজেলায় নিখোঁজের তিন দিন পর অনিক মোল্যা ওরফে উসমান (১৫) নামে এক কিশোর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পেড়লিস্থান এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অনিক মোল্যা সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সাপু মোল্যার ছেলে। অপর ভ্যানচালক রিহাদ বিশ্বাস (১৫) কালিয়া উপজেলার সুমেরুখোলা গ্রামের আরবি বিশ্বাসের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত বুধবার (২৫ নভেম্বর) বাড়ি থেকে বের হয়ে ভ্যান নিয়ে পার্শ্ববর্তী রঘুনাথপুর বাজারে যায় অনিক। এ সময় অনিক ও পাশের সুমেরুখোলা গ্রামের ভ্যানচালক রিহাদ যাত্রী নিয়ে পেড়লিস্থানের দিকে যায়। এরপর থেকে ভ্যানসহ দুই চালক নিখোঁজ হয়। ওই দিন রাতেই মুমূর্ষু অবস্থায় পেড়লিস্থানে চিত্রা নদী থেকে রিহাদকে উদ্ধার করে স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে খুলনা মেডিকেলে, পরে অবস্থার আরো অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখনো অচেতন অবস্থায় চিকিৎসাধীন রিহাদ।
এদিকে তিন দিন ধরে নিখোঁজের পর দুপুরে একই এলাকা থেকে অনিকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভ্যান ছিনিয়ে নিতেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন নিহতের স্বজন ও জেলা পুলিশ।
এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী দুই পরিবারের স্বজনরা।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, দুপুরে জরুরি সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে জানতে পারি পেড়লিস্থানের চিত্রা নদীর মোহনায় একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখা গেছে। পরে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করি। মরদেহটির পরিচয় শনাক্ত করেছেন নিহতের স্বজনরা।
তিনি আরো বলেন, প্রাথমিক সুরতহালে অনিক ওরফে উসমানের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এলএ