Dhaka Mail Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় চিত্র রায় (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা মোটরসাইকেলের অপর আরোহী সুবোধ সিংহ (৫৫) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সদর উপজেলার হাজির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিত্র রায় সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের খোকা রামের ছেলে। আহত সুবোধ সিংহ একই উপজেলার আখচা ডাক্তারপাড়া গ্রামের যতীনের ছেলে।

বোদা হাইওয়ে থানার এসআই নুর হোসেন জানান, দিনাজপুর থেকে পঞ্চগড়গামী রিফাত পরিবহনের বাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় একই দিকে চলাচলকারী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে চিত্র রায় মারা যান। অপর আহত সুবোধ সিংহের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসআই নুর হোসেন আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এসআই