Dhaka Mail Logo

সারাদেশ

আ.লীগের লকডাউন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ড্রোন উড়িয়ে পুলিশের বিশেষ মহড়া

জেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আহ্বানে রোববার ও সোমবার (২৯ ও ৩০ নভেম্বর) দুই দিনের লকডাউন কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। তারই অংশ হিসেবে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ড্রোন উড়িয়ে ও মোটরসাইকেল নিয়ে বিশেষ মহড়া দিয়েছেন পুলিশ সদস্যরা। 

মহড়া চলাকালে শহরের পুনিয়াউট মোড় থেকে চট্টগ্রাম-সিলেট মহাসড়ক হয়ে ড্রোন উড়িয়ে ও মোটরসাইকেলে করে বিশেষ মহড়া দেন তারা। হুইসেল বাজিয়ে মহড়াটি পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর প্রদক্ষিণ করে। পরে শহরতলীর ঘাটুরা মোড়ে গিয়ে মহড়াটি শেষ হয়। 

মহড়া চলাকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লকডাউনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, নাশকতাসহ তাদের যে কোনো ধরনের অপতৎপরতা রোধ ও জনসাধারণের যানমালের সুরক্ষা নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্ততি নিয়েছে।

জনগণকে আতঙ্কিত না হয়ে, পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা। 

প্রতিনিধি/এলএ