জেলা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠী এবং সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এটি দেশের ইতিহাসে প্রথম বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলার সার্বিক বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় পার্বত্য মন্ত্রী মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন প্রসঙ্গে সাচিং প্রু জেরি বলেন, অতীতের সরকারগুলো যেভাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কাজ করেছে, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করবে। পার্বত্য অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য সব জাতিগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি।
সকালে সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার সার্বিক পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কৃষি, পর্যটন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক আনোয়ার সাদাত সভাপতিত্বে এসময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, বিজিবির সেক্টর কমান্ডার ইফতেখারুল আলম বেগ, মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এজে