Dhaka Mail Logo

সারাদেশ

হাতিয়ায় বনায়নে অনিয়মের অভিযোগ রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে

উপজেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

উপকূলীয় অঞ্চলে সৃজিত নতুন ম্যানগ্রোভ বনের গাছ উজাড় করে রেঞ্জারের আত্মঘাতী সিদ্ধান্তে তৈরি করা হয় কেওড়ার নার্সারি। এতে নিযুক্ত শ্রমিকদের প্রাপ্য মজুরি না দিয়ে উল্টো শ্রমিকদের মাঝিকে মামলার হুমকি ও বন বিভাগের সহকর্মীদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার সাগরিয়া রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে।

হাতিয়ার সাগরিয়া রেঞ্জের চর-আলীম বিটের ম্যানগ্রোভ ফরেস্টের প্রায় ১৫ হেক্টর নতুন বন কেটে নার্সারির বেড করা হয়। দীর্ঘকাল টাকা না পেয়ে রেঞ্জারের বিরুদ্ধে বিভাগীয় বন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন শ্রমিক মাঝি মো. আব্দুল জলিল প্রকাশ কালু সর্দার।

১০ নভেম্বর কালু সর্দার অভিযোগে উল্লেখ করেন, ২০২৫-২৬ অর্থবছরে গাছ কাটার মজুরি ৫০ হাজার টাকা এবং নার্সারি স্থাপনের জন্য এক হাজার ৫০০ নার্সারি-বেড তৈরি মজুরি বাবদ ৬৭ হাজার ৬০০ শত টাকা দেননি মিজানুর। পরে নিজের গরু বিক্রি করে শ্রমিকদের মজুরি পরিশোধ করেন কালু সর্দার।

ভুক্তভোগী শ্রমিক বাহার মনির ও রিদনসহ অনেকে বলেন, চার বছর আগে বনের গাছগুলো কেটে জোয়ারের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। রেঞ্জ অফিসারের মধ্যে দয়া মায়া নেই। গত বছর আমাদেরকে দিয়ে কাজ করিয়ে টাকা দেয়নি। রাতের ১২টা পর্যন্ত আমরা সাগরিয়া রেঞ্জ অফিসে ঘুরাঘুরি করেছি। তবুও টাকা দেয়নি। এ বছরও একই অবস্থা। পচার খাল সংলগ্ন ম্যানগ্রোভ বনের প্রায় ১০ থেকে ১৫ হেক্টর জায়গার গাছ কেটে তিনটি রেঞ্জের জন্য নার্সারি তৈরি করা হয়। 

তারা আরো জানান, ইউএনডিপির অর্থায়নে বনবিভাগ ২০১৭-১৮ সালে ৬৫ জনের মধ্যে কাউকে ৩২ ও কাউকে ৪৮ শতক জমি বহুমূখী আত্মনির্ভরশীল প্রকল্প দেয়। প্রকল্পের কাগজপত্র দেওয়ার কথা বলে মিজানুর উপকারভোগীদের থেকে পাঁচ হাজার টাকা দাবি করেন। সুবিধাভোগী ছাবের ও কুদ্দুসসহ চারজনের মাধ্যমে পরে দুই হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। তিনদিন আগে ধার্যকৃত টাকা দিয়ে দেন বলে সুবিধাভোগীরা জানান।

রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান অভিযোগের বিষয়ে বলেন, চর-আলাউদ্দিন ও হাবিবিয়া রেঞ্জ নার্সারি করতে হাতিয়ায় আসে কেন? নার্সারি করার সুবিধা যেখানে হবে মনে করেছি, সেখানে করেছি। বন-সৃজনের আট লাখ টাকার বিষয়ে উত্তর দিতে রাজি হননি। প্রজেক্টের ৬৫ জন সুবিধাভোগীদের টাকার ব্যাপারে তিনি বলেন, কাগজপত্র রেডি করার জন্য ওরা এখনো টাকা দেয়নি।  

উপকূলীয় সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন বলেন, তার বিরুদ্ধে ইতোপূর্বে যেসব অভিযোগ এসেছে, সেগুলো তদন্তাধীন। নতুন কোনো অভিযোগ এলে সেটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিনিধি/এলএ