Dhaka Mail Logo

সারাদেশ

মহেশখালী-মাতারবাড়ী পরিকল্পনায় জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা

জেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

বাংলাদেশের মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (মিডি) বাস্তবায়নে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হতে পারে। একই সঙ্গে এসব বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি চাহিদা মেটাতে ২০৪০ সাল নাগাদ বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয়ে এলএনজি আমদানি করতে হতে পারে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ পরিস্থিতি ও জ্বালানি নিরাপত্তার ওপর বড় ধরনের চাপ তৈরির আশঙ্কা রয়েছে।

জ্বালানি খাত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেসের ‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের মিডি মহাপরিকল্পনা’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শনিবার (২৮ নভেম্বর) কক্সবাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও মার্কেট ফোর্সেসের যৌথ উদ্যোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশনের পরিচালক মুনিরা চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ধরা’র আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী। বক্তব্য দেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, জাপান সেন্টার ফর আ সাসটেইনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটির (জ্যাকসেস) প্রোগ্রাম ডিরেক্টর ইউকি তানাবে, অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল ও ফসিল-ফ্রি জাপানের জাপান ফাইন্যান্স ক্যাম্পেইনার মাকিকো আরিমা, কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যা. থিং অং, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল এবং ধরা’র কক্সবাজারের যুগ্ম আহ্বায়ক এইচ এম ফরিদুল আলম শাহীন।

প্রতিবেদনে বলা হয়েছে, মিডি মহাপরিকল্পনায় চট্টগ্রাম অঞ্চলে সর্বোচ্চ ১৩ হাজার মেগাওয়াট নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৯ বিলিয়ন ডলার। এ ছাড়া দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি পুনর্গ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণে আরও এক বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে বিনিয়োগের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২০ বিলিয়ন ডলার।

এলএনজি আমদানির সম্ভাব্য ব্যয় নিয়েও প্রতিবেদনে উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০৪০ সালে বাংলাদেশকে বছরে প্রায় ২৫ মিলিয়ন টন এলএনজি আমদানি করতে হতে পারে। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলে এ জন্য ব্যয় হবে প্রায় ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার। মধ্যম পরিস্থিতিতে ব্যয় দাঁড়াবে ১৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। আর উচ্চমূল্য অব্যাহত থাকলে বার্ষিক আমদানি ব্যয় বেড়ে ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

প্রতিবেদনে বলা হয়, দেশের নিজস্ব গ্যাস উৎপাদন কমে যাওয়ায় ক্রমেই বাড়ছে আমদানিনির্ভরতা। বর্তমানে মোট গ্যাস সরবরাহের উল্লেখযোগ্য অংশ আসছে আমদানি করা এলএনজি থেকে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি কিংবা ভূরাজনৈতিক অস্থিরতায় সরবরাহ বিঘ্নিত হলে বিদ্যুৎ ও শিল্প খাতে সংকট আরও তীব্র হতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এলএনজির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মিডি পরিকল্পনায় জাপানের সরকারি সংস্থা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং জেরা, সুমিতোমো ও ইতোচুর মতো প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার বিষয়টিও প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে।

আর্থিক ঝুঁকির পাশাপাশি উপকূলীয় পরিবেশ ও স্থানীয় মানুষের জীবিকার ওপর সম্ভাব্য প্রভাবের বিষয়টিও গুরুত্ব পেয়েছে প্রতিবেদনে। এতে দাবি করা হয়েছে, মাতারবাড়ী-১ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে অন্তত ২০ হাজার লবণচাষি, জেলে ও স্থানীয় উৎপাদনকারীর জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রস্তাবিত গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও কয়লাভিত্তিক প্রকল্পগুলোর পুরো কার্যকাল বিবেচনায় এক বিলিয়ন টনের বেশি কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণের আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে এলএনজির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের কারিগরি সম্ভাবনা ২৪০ গিগাওয়াট এবং স্থলভিত্তিক বায়ুবিদ্যুতের সম্ভাবনা ৩০ গিগাওয়াট। শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, ব্যাটারি সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর উন্নয়নে বিনিয়োগ বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

প্রতিবেদনটির পর্যবেক্ষণ অনুযায়ী, দীর্ঘমেয়াদে ব্যয়বহুল এলএনজিনির্ভর অবকাঠামো সম্প্রসারণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও জ্বালানি নিরাপত্তার জন্য তুলনামূলক টেকসই বিকল্প হতে পারে।

প্রতিনিধি/এএম