Dhaka Mail Logo

সারাদেশ

একটি প্রশস্ত সেতুর অভাবে দুর্ভোগে ৪ গ্রামের অর্ধলাখ মানুষ

জেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে একটি সরু সেতুর কারণে চরম দুর্ভোগে পড়েছেন চার গ্রামের অর্ধলাখ (৫০ হাজার) মানুষ। সেতুটি প্রশস্ত না হওয়ায় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ বড় যানবাহন চলাচল করতে পারে না। এতে জরুরি স্বাস্থ্যসেবা ও অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয়দের। 

দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে পাখাডুবি সেতু প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। 

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি সেতু সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন পাখাডুবি, কলারছড়া, কৃষ্ণপুর ও হরিপুর গ্রামের সর্বস্তরের মানুষ। 

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, পাখাডুবি সেতু দিয়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু সেতুটি সরু হওয়ায় বড় যানবাহন চলাচল করতে পারে না। বিশেষ করে কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্স সেতু পর্যন্ত পৌঁছাতে পারে না। একইভাবে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে না পারায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। 

S
সরিষাবাড়িতে প্রশস্ত সেতুর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

তারা আরও জানান, গত ২৩ নভেম্বর গাবতলী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। এ ঘটনার পর সেতুটি প্রশস্ত করার দাবি আরও জোরালো হয়েছে। 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি প্রশস্ত করার দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চার গ্রামের মানুষের যাতায়াত ও জরুরি সেবা নিশ্চিত করতে দ্রুত সেতুটি প্রশস্ত করার দাবি জানান তারা। পাশাপাশি সরকারি অবহেলার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। 

স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট আজিমুল ইসলাম বলেন, ‘এই সেতু দিয়ে চার গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করেন। কিন্তু সেতুটি এতটাই সরু যে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে না। কেউ অসুস্থ হলে কিংবা এলাকায় আগুন লাগলে আমাদের চরম বিপদে পড়তে হয়। আমরা দ্রুত সেতুটি প্রশস্ত করার দাবি জানাচ্ছি।’ 

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যায় ভুগছি। বারবার দাবি জানিয়েও কোনো সমাধান পাচ্ছি না। প্রায় এক কোটি টাকার অগ্নিকাণ্ডের ক্ষতির পরও যদি কর্তৃপক্ষের টনক না নড়ে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? চার গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত পাখাডুবি সেতু প্রশস্ত করার দাবি জানাই।’

এএইচ