Dhaka Mail Logo

সারাদেশ

টিকটকে পরিচয়-প্রেম: যশোরের যুবককে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী

জেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

১৫ বছরের প্রবাসজীবনের গল্পে নতুন অধ্যায়, মালয়েশিয়া থেকে বাবা-মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসে ভালোবাসার মানুষকে বিয়ে করলেন নূর হায়াতি।

যশোরের শার্শা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের ছেলে সোহাগ। দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটিয়েছেন তিনি। সেই প্রবাসজীবনের এক পর্যায়ে টিকটকের মাধ্যমে পরিচয় হয় মালয়েশিয়ার কুয়ালালামপুরের তরুণী নূর হায়াতির সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া সেই পরিচয় একসময় রূপ নেয় ভালোবাসায়। আর সেই ভালোবাসার টানেই মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে সোহাগকে বিয়ে করলেন নূর হায়াতি।

প্রথমে টিকটকে পরিচয়, এরপর কথোপকথন, বন্ধুত্ব আর ধীরে ধীরে একে অপরের প্রতি গভীর অনুভূতি। প্রায় ছয় মাসের সম্পর্কের মধ্যদিয়ে তাদের ভালোবাসা আরও দৃঢ় হয়। সময়ের সঙ্গে বাড়তে থাকে বিশ্বাস ও আন্তরিকতা। একপর্যায়ে দুজনই সিদ্ধান্ত নেন, ভার্চুয়াল জগতের পরিচয়কে বাস্তবজীবনের বন্ধনে রূপ দেবেন।

সেই সিদ্ধান্ত বাস্তবায়নে নূর হায়াতি একা নন, সঙ্গে ছিলেন তার বাবা ও মা। গত ১৮ নভেম্বর পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে আসেন তিনি। এরপর যশোরের শার্শা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের সোহাগের বাড়িতে দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

মালয়েশিয়ার মেয়ে নূর হায়াতি আর বাংলাদেশের ছেলে সোহাগ— দুই দেশের দুই মানুষ, দুই ভিন্ন সংস্কৃতি, অথচ ভালোবাসার ভাষায় এক হয়ে গেলেন তারা। হাজার মাইল দূরত্ব, ভিন্ন দেশ কিংবা ভিন্ন জীবনযাত্রা— কোনোটিই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সম্পর্কের পথে।

এখন সোহাগের বাড়িতে নতুন অতিথি নূর হায়াতি। প্রবাসজীবনের দীর্ঘ অধ্যায় পেরিয়ে সোহাগের জীবনে শুরু হলো নতুন সংসার। আর মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে নূর হায়াতি গড়ে তুললেন ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন।

প্রতিনিধি/এলএ