জেলা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
গ্রাহক শোষণ ও ভোগান্তির গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে সোমবার (৩০ নভেম্বর) রংপুর নগরীতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে মহানগর নাগরিক কমিটি। অন্যান্য দফাগুলো হলো- পূর্বের পোস্ট পেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা প্রদান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ।
এদিকে হরতাল সফল করার লক্ষে ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং এবং মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ বলেন, এই হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা দলের স্বার্থে নয়। আপামর বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে এই হরতাল। রংপুর মহানগর নাগরিক কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও চিন্তার মানুষদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। পেশিশক্তি কিংবা জবরদস্তি নয় জনগণের নৈতিক সমর্থন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে আমরা এই হরতাল সফল করতে চাই।
তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান এবং নির্বাচন-পরবর্তী সময়ে দেশের ইতিহাসে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে জনগণের নিজস্ব দাবিতে এটাই প্রথম হরতাল হতে যাচ্ছে।
বিদ্যুৎ মুনাফার পণ্য নয় জনতার অধিকার। বিদ্যুৎ বিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান অথচ এখানে নাগরিক সেবা তো পরের কথা ন্যূনতম জবাবদিহিতা নেই। জনমতের তোয়াক্কা না করে মুষ্টিমেয় দুর্নীতিবাজ এবং লুটেরাদের স্বার্থে জবরদস্তিমূলক কায়দায় একতরফাভাবে প্রিপেইড মিটার প্রকল্প বাস্তবায়নে তারা মরিয়া হয়ে উঠেছেন। অথচ জনগণ এই প্রিপেইড মিটার চায় না। পোস্ট পেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকদের দ্বিগুণ তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বাস্তবিক অর্থে প্রিপেইড মিটার জনগণের পকেট কাটার ফাঁদ এবং ভোগান্তির যন্ত্রে পরিণত হয়েছে। এটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রকল্প হলেও এখনো বহাল রয়েছে।
পলাশ কান্তি নাগ আরো বলেন, বর্তমান সরকারও বিগত সরকারের মতো দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করে চলেছে। তা না হলে সারাদেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকদের সমস্যাকে কেন আমলে নিচ্ছে না। এ সময় বিদ্যুৎ গ্রাহকদের ন্যায়সংগত দাবিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানান।
প্রতিনিধি/এলএ