জেলা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাসে করে ইয়াবা পাচারের সময় ১৪ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বিজিবি। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস, মোবাইল ফোন ও এলইডি ডিসপ্লে জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস উখিয়ার ইমামের ডেইল বিজিবি চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক চালকের নাম মো. রহমত উল্লাহ (৩৯)। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, চেকপোস্টে তল্লাশির সময় মাইক্রোবাসের সামনের অংশে ইঞ্জিন কভারের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়। পরে সেখান থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক শাহপরীর দ্বীপ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। মাইক্রোবাসটি বিস্তারিত তল্লাশি করে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
বিজিবি অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
প্রতিনিধি/এজে