Dhaka Mail Logo

সারাদেশ

কারা ফটকে সন্তানকে চির বিদায় জানালেন বন্দি যুবলীগ নেত্রী শারমিন

জেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মির (৪৪) ছেলে মারা গেছে। সন্তানের মৃত্যুর খবর পেয়ে প্যারোলে মুক্তির আবেদন না করে ছেলেকে শেষবারের মতো দেখার আকুতি জানিয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় কারাগারের ফটকে ছেলেকে শেষবার দেখার ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৮ নভেম্বর) চোখের জলে বুক ভাসিয়ে কারা ফটকে নিয়ে আসা  সন্তানের নিথর দেহের চির বিদায় জানান মা। হৃদয়বিদারক এই দৃশ্যে কারাগার প্রাঙ্গণ ও আশেপাশে এলাকা শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

কারাগার সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় যুব মহিলালীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মিকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। এর মধ্যেই তার বড় ছেলে নিসর্গ হোসেন তুর্য গতকাল রাত ১০টার সময় আকস্মিক মৃত্যু বরণ করেন। সন্তানের মৃত্যুর খবর শুনে কারাগারের ভিতরে ভেঙে পড়েন তিনি। পরিবারের পক্ষ থেকে মৃত সন্তান মাকে শেষবারের মতো দেখানোর আবেদন করা হলে মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ তা মঞ্জুর করেন।

 

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর তিনি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেননি। তবে ছেলেকে শেষবারের মতো দেখতে চেয়ে আবেদন করেছেন।

তিনি আরও বলেন, শারমিন সুলতানার ছেলেটি প্রতিবন্ধী ছিল। বিষয়টি মানবিক দিক বিবেচনা করে তাকে কারাগারের ফটকে ছেলেকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি