জেলা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ এএম
পিরোজপুরের নাজিরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত আংশিক কমিটির আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এম. মনিরুজ্জামান সরদার (মনির)। কমিটি গঠনের চার দিনের মাথায় ‘বিতর্কিত কমিটি’ আখ্যা দিয়ে এবং ‘পরিচ্ছন্ন রাজনীতি’র কথা উল্লেখ করে তিনি পদত্যাগপত্র জমা দেন।
দলীয় নথি অনুযায়ী, গত ২৩ নভেম্বর পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আ. ছালাম বাতেন ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন টিপু স্বাক্ষরিত এক পত্রে নাজিরপুর উপজেলা শ্রমিক দলের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে চার সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে মনিরুজ্জামান সরদারকে আহ্বায়ক করা হয়।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন— সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মো. মাইনুল ইসলাম (মিন্টু) এবং সম্মানিত সদস্য মো. শোভন তালুকদার। অনুমোদনপত্রে নেতাদের দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে অনুমোদন নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে চার দিন পর শুক্রবার (২৭ নভেম্বর) জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেওয়া পদত্যাগপত্র জমা দেন মনিরুজ্জামান সরদার।
পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘আমি পরিচ্ছন্ন রাজনীতি পছন্দ করি। তাই এই বিতর্কিত কমিটির আহ্বায়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম।’ একই সঙ্গে তিনি পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
পদত্যাগের বিষয়ে মনিরুজ্জামান সরদার বলেন, উপজেলা বিএনপি আমাকে নিয়ে জেলা শ্রমিক দলের কাছে চিঠি লিখছে। আমি দীর্ঘদিন এলাকায় ছিলাম না—এমন একটি বিতর্কিত কথা উঠেছে, যা আমার ভাবমূর্তি নষ্ট করেছে। তাই আমি পদত্যাগ করেছি। থানা বিএনপিসহ শ্রমিক দলের কয়েকজন বিরূপ প্রতিক্রিয়া করেছে; তাই মনে করলাম এখানে আমার থাকা দরকার নেই।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান বলেন, ‘হ্যাঁ, আমরা জেলা শ্রমিক দলের কাছে লিখিত দিয়েছি। ওনার অনুপস্থিতি ছিল দীর্ঘদিন। উপজেলা বিএনপির সঙ্গে পরামর্শ না করে কমিটি দেওয়ায় ওনার বিরুদ্ধে জেলা শ্রমিক দলের কাছে লিখিত আবেদন করেছি’।
অন্যদিকে পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন বলেন, ‘আমি এ বিষয়ে এখনো কিছু শুনিনি’।
প্রতিনিথি/এমএইচআর