Dhaka Mail Logo

সারাদেশ

জামায়াতের ‘প্রত্যয়ন’ ও বিএনপি নেতার জিম্মায় ছাত্রলীগ নেতা মুক্ত

জেলা প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সজিব মোল্যাকে থানায় আটকের পর জামায়াতে ইসলামীর প্রত্যয়ন ও বিএনপি নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে আটক করে লোহাগড়া থানা পুলিশ। পরে একই দিন সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। 

সজিব মোল্যা লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. ওহাব মোল্যার ছেলে।

তাকে ছাড়াতে লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাদিউজ্জামানের স্বাক্ষরিত একটি প্রত্যয়ন দেখানো হয়। পাশাপাশি নলদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মশিয়ার রহমান মোল্যাকে সাক্ষী রেখে নলদী ইউনিয়ন বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমানের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে বিএনপির লোকজন সহযোগিতা করেছে বলে যে অভিযোগ উঠেছে, তা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এ ব্যাপারে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সজিবকে পুলিশের কাছ থেকে ছাড়ানোর কোনো প্রশ্নই আসে না। ওসি জানিয়েছেন- ‘সজিব নাকি জামায়াতের কর্মী, তাই উপজেলা জামায়াতের নেতা প্রত্যয়ন দিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন।’ বিএনপির কোনো নেতা এর সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে প্রত্যয়নের ব্যাপারে উপজেলা জামায়াতের আমির হাদিউজ্জামান অস্বীকার করে বলেন, এ ব্যাপারে ওসির সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমার স্বাক্ষর জাল করে কে বা কারা ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছে।

সাক্ষী মশিয়ার রহমান ও জিম্মাদার মিজানুর রহমানও সজিবকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার বিষয়ে কিছু জানেন না এবং তাদের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন।

লোহাগড়া পৌরসভা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইমরান হোসাইন বলেন, সজিব ২০২৩ সালের পর থেকে ছাত্রলীগের রাজনীতি ছেড়ে বর্তমানে জামায়াতের কর্মী হিসেবে কাজ করছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, উপজেলা জামায়াতের আমির হাদিউজ্জামানের লিখিত প্রত্যয়ন ও পৌরসভার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন সজিবকে তাদের নলদী ইউনিয়নের জামায়াতের কর্মী বলে দাবি করেন। পরে নলদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমানকে সাক্ষী রেখে ইউপি সদস্য মিজানুর রহমানের জিম্মায় সজিবকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এলএ