Dhaka Mail Logo

সারাদেশ

মন্ত্রীসহ চার এমপি এক মঞ্চে: ‘জনগণ শেখ হাসিনাকে আর ছাড় দেবে না’

জেলা প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

১৪শ মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার হওয়া উচিত। দেশের জনগণ আর তাদের ছাড় দেবে না। শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় খাগড়াছড়ি টাউন হলে পতিত ফ্যাসিস্টদের ককটেল সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, সরকারের সাত মাস পার হতে না হতেই দেশকে শান্তিতে থাকতে দিতে চায় না একটি পক্ষ। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের থিমকে আরও আধুনিক ও সমৃদ্ধ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ বিষয়ে সহকর্মীদের নিয়ে কাজ করার উদ্যোগ রয়েছে।

রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, ঘরবাড়ি ও অন্যের সম্পদ পুড়িয়ে ক্ষমতায় আসা সম্ভব নয়। জনগণ জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বিশ্বাস করে না। 

তিনি আরও বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানকে ঘিরে ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাধবী মারমা উপস্থিত ছিলেন। 

সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম.এন. আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।

এর আগে সকালে খাগড়াছড়ি সদর উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় নির্মাণাধীন বিশ্বশান্তি বুদ্ধ ধাতু বোগোঃ জাদিরের ছাদ ঢালাই কাজ এবং খাগড়াছড়ি সদর ইংলিশ ভয়েস স্কুল ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী সাচিং প্রু জেরি।

প্রতিনিধি/এলএ