Dhaka Mail Logo

সারাদেশ

হাসিনা দেশ ছেড়ে পালালেও তার হত্যার নেশা ও রক্তের স্বাদ যায়নি: রিজভী

জেলা প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার হত্যার নেশা ও রক্তের স্বাদ যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘ভারতে বসে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা চালানোর চেষ্টা করছেন শেখ হাসিনা।’

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং সরকারি কলেজ প্রাঙ্গণে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দিচ্ছেন। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আগুন দিচ্ছেন।’

তিনি বলেন, ‘পতিত সরকারের প্রধানমন্ত্রী হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। গোপালগঞ্জ, বাগেরহাট, ময়মনসিংহ আগুন জ্বলছে।’

বিগত সরকারের আমলের বিভিন্ন প্রকল্পের লুটপাট ও অনিয়মের অভিযোগ এনে রিজভী বলেন, ‘আপনি পালিয়ে গেছেন কিন্তু আপনার টাকাতো কমেনি। সিপিডির শ্বেতপত্রে প্রকাশ পেয়েছে, প্রতিবছর হাজার হাজার টাকা পাচার হয়েছে। যে সকল প্রকল্প করা হয়েছে, সে প্রকল্পের বরাদ্দের ৩০-৪০ শতাংশ টাকা আওয়ামী লীগ নেতাদের পকেটে গেছে। সেই টাকা দিয়ে আরও অনেকগুলো পদ্মা সেতু করা যেত। কিন্তু আওয়ামী নেতারা টাকা ভাগাভাগি করে নিয়ে দেশের বাহিরে আয়েশে আছে।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার রক্তের নেশা কাটেনি। এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন কর্মকাণ্ড চালানো হচ্ছে। ভারতে বসে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলার পাশাপাশি দেশে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হত্যাকাণ্ড করছে।’

তিনি আরও বলেন, ‘গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হচ্ছে, বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও অগ্নিসংযোগ করা হচ্ছে। তবে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে এসব ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।’

সমাবেশে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য মো. রাশেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

এ ছাড়া জেলা বিএনপির সদস্য ওমর ফারুক অবাক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভির যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী অপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএম