Dhaka Mail Logo

সারাদেশ

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

জেলা প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫২০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্থ আলীনগর বিওপির একটি বিশেষ টহল দল সকাল ১০টা ৫০ মিনিটে সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৫২০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। 

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া পলাতক চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

প্রতিনিধি/এলএ