জেলা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে মোটরসাইকেলে করে তিন ব্যক্তি উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসে। এ সময় তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা ব্যাংক কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করেন। বোমাগুলো বিস্ফোরিত হওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু গ্রামীণ ব্যাংক নয়, উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রতিনিধি/এসআই