জেলা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
মুন্সিগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাঁসাড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুকুরে ডুবে মারা যায় মোস্তাফিজুর (৪) হাঁসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে। অন্যদিকে আলিফ সিঙ্গাপুরপ্রবাসী আসাদুল দেওয়ানের সন্তান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে দাদা হালিম দেওয়ান মোস্তাফিজুর ও আলিফকে সঙ্গে নিয়ে মূল বাড়ি থেকে কিছুটা দক্ষিণে অবস্থিত পুরনো বাড়িতে বেড়াতে যান। বাড়িটিতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় তারা বাড়ির পাশের পুকুরের কাছে খেলাধুলা করছিল।
পরে একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু পুকুরের পানিতে পড়ে যায়। পরে সকাল ৮টার দিকে তাদের খাওয়ানোর জন্য মায়েরা খোঁজ নিতে গিয়ে শিশুদের কোথাও দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে মোস্তাফিজ ও আলিফকে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই পরিবারের দুই শিশুকে একসঙ্গে হারিয়ে বাকরুদ্ধ স্বজনরা। আনন্দমুখর দুই শিশুর এমন করুণ পরিণতিতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে চলছে শোকের মাতম।
শ্রীনগর থানার ওসি মো. আতাউর রহমান দুই শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে খুঁজে দেখা হচ্ছে, তবে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।