Dhaka Mail Logo

সারাদেশ

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান

জেলা প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

কঠোর নিরাপত্তার চাদরে পাবনার রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন আরও একটি চালান। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর।

সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব‍্যবস্থায় মুড়িয়ে সড়ক পথে রূপপুরে নেওয়া হয় পারমাণবিক জ্বালানি। ঢাকা থেকে রূপপুর পযর্ন্ত ব‍্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্যরা। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ‍্যে সড়কে সব ধরনের যানবাহন এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। এসব জ্বালানি কঠোর নিরাপত্তায় সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে নেওয়া হয়। চলতি বছরের মধ্যে রাশিয়া থেকে আরও বেশকিছু জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে আগামী জানুয়ারি/ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

প্রতিনিধি/এফএ