Dhaka Mail Logo

সারাদেশ

বরিশালে দুই বাসের সংঘর্ষে বসতঘরে উল্টে পড়ল বাস, আহত ১০

জেলা প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

বরিশালের গৌরনদীতে দুই বাসের সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের বসতঘরের ওপর উল্টে পড়েছে। এতে দুটি বসতঘর ভেঙে চুরমার হয়ে গেছে। দুর্ঘটনায় অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেস নামে দুটি বাসের সংঘর্ষ হয়। এতে বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে। বাসের চাপায় ঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার সময় ঘর দুটির বাসিন্দারা দ্রুত সরে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ এসে উদ্ধার অভিযান চালায়। পরে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গৌরনদী মডেল থানার এসআই জহুরুল ইসলাম বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এলএ