Dhaka Mail Logo

সারাদেশ

সাতক্ষীরায় খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন

জেলা প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে জেলার একটি বেসরকারি হাসপাতালে। ন্যূনতম কাটাছেঁড়ায় আধুনিক প্রযুক্তিনির্ভর এই অস্ত্রোপচারে নেতৃত্ব দেন স্পাইন সার্জন ডা. মাহমুদুল হাসান পলাশ। তার নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়।

সাতক্ষীরার কাটিয়া এলাকার ৫৫ বছর বয়সী জেবুননাহারের শরীরে এ অস্ত্রোপচার করা হয়। তার ছেলে শিবলু বলেন, মেরুদণ্ডের সমস্যা নিয়ে তারা বেশ দুশ্চিন্তায় ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথাও ভাবছিলেন। তবে নিজ জেলাতেই আধুনিক পদ্ধতিতে অস্ত্রোপচার হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। এ জন্য চিকিৎসক ও তার দলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Endoscopic_Spine_Surgery_2এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি মেরুদণ্ডের বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত আধুনিক একটি পদ্ধতি। এতে ছোট ছিদ্রের মাধ্যমে বিশেষ ক্যামেরা ও সূক্ষ্ম অস্ত্রোপচার সরঞ্জাম ব্যবহার করে চিকিৎসা করা হয়। প্রচলিত বড় অস্ত্রোপচারের তুলনায় এ পদ্ধতিতে কাটাছেঁড়া কম হয়। রোগীর শারীরিক অবস্থা ও রোগের ধরন অনুযায়ী এতে রক্তক্ষরণ, অস্ত্রোপচার-পরবর্তী ব্যথা এবং হাসপাতালে থাকার সময় কম হতে পারে। অনেক ক্ষেত্রে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগও তৈরি হয়।

চিকিৎসাসেবার বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে সাতক্ষীরায় এই অস্ত্রোপচারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এত দিন মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচারের জন্য অনেক রোগীকে ঢাকাসহ দেশের বড় শহরে যেতে হতো। নিজ জেলায় আধুনিক এই চিকিৎসাপদ্ধতি চালু হওয়ায় সাতক্ষীরাসহ খুলনা বিভাগের রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা পাওয়ার নতুন সুযোগ তৈরি হলো।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া ডা. মাহমুদুল হাসান পলাশ সাতক্ষীরার সন্তান। তিনি বর্তমানে খুলা মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। অর্থোপেডিক্স ও স্পাইন সার্জারিতে দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি জেলায় কয়েকটি অগ্রণী অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

Endoscopic_Spine_Surgery_1ডা. পলাশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সাতক্ষীরায় প্রথম টোটাল হিপ সার্জারি সম্পন্ন করেন তিনি। এ ছাড়া ফিমারে প্রথম ক্লোজ ইন্টারলকিং নেইলিং, টিবিয়ায় ক্লোজ ইন্টারলকিং এবং প্রথম স্পাইন ফিক্সেশন অস্ত্রোপচারের সঙ্গেও যুক্ত ছিলেন। প্রায় সাত বছর আগে সাতক্ষীরায় প্রথম পিএলআইডি (প্রোল্যাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক) অস্ত্রোপচারও সম্পন্ন করেন তিনি।

জটিল মেরুদণ্ডের অস্ত্রোপচারেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ঘাড়ের মেরুদণ্ডের হাড় সরে গিয়ে চার হাত-পা অবশ হয়ে যাওয়া এক রোগীর অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটার সক্ষমতা ফিরিয়ে আনার নজির রয়েছে বলে জানান তিনি। এ পর্যন্ত ১ হাজার ২০০টির বেশি স্পাইন সার্জারিসহ ৫ হাজারের বেশি অর্থোপেডিক্স অস্ত্রোপচার করেছেন বলে জানিয়েছেন ডা. পলাশ।

পেশাগত দক্ষতা বাড়াতে দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন এই চিকিৎসক। কর্মজীবনের শুরুতে ভারতের আটটি হাসপাতালে হাতে-কলমে প্রশিক্ষণ নেন তিনি। পাশাপাশি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল, দক্ষিণ কোরিয়ার ইয়াইন হসপিটাল, ফিলিপাইনের ম্যানিলার কার্ডিনাল মেডিকেল সেন্টার, অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং থাইল্যান্ডের ব্যাংককের থামাসাত মেডিকেল ইউনিভার্সিটিতে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেন। এ ছাড়া তুরস্কের ইস্তাম্বুল কনভেনশন সেন্টার ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক বৈজ্ঞানিক আয়োজনে গবেষণাপত্র ও প্রবন্ধ উপস্থাপন করেছেন।

Endoscopic_Spine_Surgery_3ডা. মাহমুদুল হাসান পলাশ বলেন, সাতক্ষীরাসহ খুলনা বিভাগের মানুষের জন্য মেরুদণ্ড ও অর্থোপেডিক্সের উন্নত চিকিৎসা হাতের নাগালে পৌঁছে দেওয়াই তার লক্ষ্য। জটিল রোগের চিকিৎসার জন্য যেন মানুষকে অযথা দূরে যেতে না হয়, সে লক্ষ্যে কাজ করছেন তিনি। দেশের মাটিতেই আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে বিদেশমুখী চিকিৎসার প্রবণতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সাতক্ষীরায় এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির সূচনা শুধু একটি অস্ত্রোপচারের ঘটনা নয়; জেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধিরও একটি পদক্ষেপ। এ ধরনের আধুনিক চিকিৎসা নিয়মিত ও সহজলভ্য হলে সাতক্ষীরাসহ আশপাশের জেলার মেরুদণ্ডের রোগীরা উপকৃত হতে পারেন।

প্রতিনিধি/এএম