জেলা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম
বইয়ের প্রতি ভালোবাসা থেকে শুরু। সেই ভালোবাসা আজ পরিণত হয়েছে এক অনন্য সামাজিক আন্দোলনে। দীর্ঘদিন ধরে পুরোনো বই সংগ্রহ করে পাঠাগার গড়ে তোলা, শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দেওয়া এবং সুবিধাবঞ্চিত শিশুদের বইপড়ায় আগ্রহী করে তোলাই যেন তার জীবনের ব্রত।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের কামারকাঠি গ্রামের ধীরেন হালদার নিজের জীবনের বড় অংশই উৎসর্গ করেছেন পাঠাভ্যাস গড়ে তোলার কাজে। মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার এই নিরলস প্রচেষ্টার কারণে স্থানীয়দের কাছে তিনি পরিচিত ‘বই পড়ার ম্যাজিক ম্যান’ এবং অনেকের কাছে ‘আলোর মশাল’ হিসেবে।
গৌরহরি রেনু বালা স্মৃতিসংসদ ও পাঠাগারের মাধ্যমে বাবা-মায়ের স্মৃতিকে অম্লান করে রাখতে নিজ উদ্যোগে তাদের নামানুসারে প্রতিষ্ঠা করেছেন এই পাঠাগার। বর্তমানে সেখানে সংরক্ষিত রয়েছে প্রায় ৩০ হাজার বই। কেবল বই জমিয়ে রাখাই নয়, এসব বই মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্যও রয়েছে তার নিরন্তর প্রচেষ্টা।
নিজ গ্রামে প্রায় ৬০ বছর আগে প্রতিষ্ঠিত ‘অরণি গ্রন্থগার’ নামে প্রতিষ্ঠানের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। এই গ্রন্থাগারে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অবসর সময়ে গল্প-উপন্যাস, ইতিহাস কিংবা জ্ঞান-বিজ্ঞানের বই পড়তে আসেন। পাঠাগারটি স্থানীয় মানুষের জ্ঞানচর্চার এক নির্ভরযোগ্য ঠিকানায় পরিণত হয়েছে।
বাড়ি বাড়ি বই বিতরণ ও ঝরে পড়া শিশুদের নিয়ে ধীরেন হালদারের বই বিতরণের পদ্ধতিটি ব্যতিক্রমী। বই সংগ্রহ করে তিনি অনেক সময় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দেন। বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানদের হাতে বই তুলে দিতে প্রতিবছরই উদ্যোগ নেন। বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়মুখী করতে পরিবার ও স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রাখেন। তার লক্ষ্য, কোনো শিশু যেন বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়।
কামারকাঠি গ্রামের গৌরহরি হালদারের ছেলে ধীরেন হালদার দীর্ঘদিন শিক্ষকতা শেষে ২০১৭ সালে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন। তবে অবসর তার জ্ঞান বিতরণের পথ থামাতে পারেনি। বর্তমানে তিনি ‘আদর্শ শিশু বিদ্যালয়’ এর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
ধীরেন হালদার বলেন, দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলাম। জ্ঞান আহরণ ও বিতরণের চেষ্টা করেছি। বই পড়ার মধ্যেই সর্বদা নিজেকে নিমগ্ন রেখেছি। আমি বিশ্বাস করি, জ্ঞান বিতরণ করলে জ্ঞানের পরিধি আরও বাড়ে।
তিনি আরও বলেন, আধুনিকতার উৎকর্ষে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হওয়ায় মানুষ বইয়ের প্রতি কিছুটা আগ্রহ হারিয়েছে। তবে ভালো বইয়ের গুরুত্ব আজীবন থেকে যাবে। বই মানুষের চিন্তাশক্তি বাড়ায়, মননশীলতা তৈরি করে। তাই নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তোলা প্রয়োজন।
পাঠক ও স্থানীয়দের মন্তব্য
পাঠাগারের নিয়মিত পাঠক শিক্ষার্থী শামীম খান বলেন, স্কুল ছুটির পরে এবং অবসর সময়ে এখানে এসে বই পড়ি। মাঝেমধ্যে কিছু বই সংগ্রহও করি। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ধীরেন স্যার আমাদের বুঝিয়ে দেন।
আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, ধীরেন স্যার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আমি তার ছাত্র। অন্য শিক্ষকদের তুলনায় তিনি সব সময়ই আলাদা ছিলেন। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করে বিনামূল্যে বিতরণ করতেন। বই বিতরণের জন্য তাকে কোনো রেজিস্টার সংরক্ষণ করতেও দেখিনি। বই পড়া ও বই বিতরণ তার নেশায় পরিণত হয়েছে। জলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী সরোয়ার বলেন, ধীরেন হালদার একজন জ্ঞানপিপাসু মানুষ। জ্ঞান বিতরণের মাধ্যমে তিনি এলাকায় আলোকবর্তিকা হিসেবে পরিচিতি লাভ করেছেন। আমিও অবসর সময়ে তার লাইব্রেরিতে গিয়ে বই পড়ার চেষ্টা করি এবং তার খোঁজখবর রাখি।
প্রযুক্তির দ্রুত বিস্তারে নতুন প্রজন্মের একটি অংশ যখন বই থেকে দূরে সরে যাচ্ছে, তখন ধীরেন হালদারের এমন উদ্যোগ ব্যতিক্রমী। প্রায় ৩০ হাজার বইয়ের সংগ্রহ, ছয় দশকের পাঠাগার-সংশ্লিষ্টতা এবং অসংখ্য শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার নিরলস প্রয়াস সব মিলিয়ে তিনি যেন একাই চালিয়ে যাচ্ছেন বই পড়ার এক নীরব যুগান্তকারী আন্দোলন। তার স্বপ্ন প্রতিটি ঘরে বই থাকুক, প্রতিটি শিশু বই পড়ুক এবং জ্ঞানের আলোয় আলোকিত হোক সমাজ।
তার একটাই স্বপ্ন প্রতিটি ঘরে বই থাকুক, প্রতিটি শিশু বই পড়ুক, আর জ্ঞানের আলোয় আলোকিত হোক ধরণী।
প্রতিনিধি/এফএ