জেলা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১১৯ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা সিরাপের সিজার মূল্য ৩৫ হাজার ৭০০ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে চান্দেরহাট বিওপির বিজিবি সদস্যরা। এ সময় অভিযানস্থলে তল্লাশি চালিয়ে এসব নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান জোরদার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত অপরাধে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।