জেলা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নিহতের ঘটনায় মূল কারিগরসহ এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিস্ফোরণে আহত ককটেলের কারিগর নাজমুল কবীরকে রাজশাহী থেকে গোপনে চিকিৎসা নেওয়া অবস্থায় আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে নাজমুল কবীর (৩৮), চানশিকারী গ্রামের মো. সেনাপতির ছেলে মো. রুবেল ইসলাম (২৩) এবং একই গ্রামের মো. বাসির উদ্দিনের ছেলে রিফাত হাসান (১৮)।
পুলিশ ও এসআরবি সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী পারচৌকা মাঠে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন টমাস আলী উপজেলা কৃষক লীগের শ্রম বিষয়ক সম্পাদক। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে আত্মগোপনে চলে যান। পরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শিবগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা মোট ১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ।
মামলার পর অভিযানে নেমে চাঁপাইনবাবগঞ্জ থেকে রুবেল ও রিফাতকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, বিস্ফোরণে আহত ককটেল তৈরির কারিগর নাজমুল কবীর আত্মগোপন করে রাজশাহী নগরের তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় গোপনে চিকিৎসা নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে ওই বাসায় অভিযান চালায় এসআরবি সদস্যরা। অভিযানের সময় নাজমুলের শরীরে স্যালাইন চলছিল। পরে তাকে স্যালাইনসহ ব্যাটালিয়নের অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া নারী ও নাজমুল কবীরের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গ্রেফতার তিনজনই পুলিশের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/ এজে