Dhaka Mail Logo

সারাদেশ

কেশবপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার 

জেলা প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ এএম

যশোরের কেশবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৪ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার খতিয়াখালী, মজিদপুর ও আড়ুয়া বিশ্বাসপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। 

আটক তিনজনের মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অন্য দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খতিয়াখালী গ্রামে রফিকুল ইসলাম (৩৯) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির নিচতলার একটি কক্ষের বক্স খাটের ড্রয়ার থেকে ২০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে রাখা ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।

এর আগে, বিকেল ৩টার দিকে উপজেলার মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে রুহুল বিশ্বাস (৬৫) নামের এক ব্যক্তির কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপপরিদর্শক শাহরিয়ার হোসেনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়ুয়া বিশ্বাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন বিশ্বাস (৩৮) নামের এক ব্যক্তির কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বলেন, পৃথক অভিযানে ৪ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

প্রতিনিধি/ এজে