জেলা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ এএম
কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দুই দফায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে কারাগারের আবাসিক কোয়ার্টার লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর আগে ভোরে কারাগারের মূল ফটকের সামনের সড়কে বোমা বিস্ফোরণ ঘটে। দুই ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলখানা মোড় থেকে কালিশংকপুর কদমতলা মোড়গামী সড়কের বাম পাশে কারাগারের সীমানার ভেতরে অবস্থিত আবাসিক কোয়ার্টার লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আরও পড়ুন: টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
কুষ্টিয়া জেলা কারাগারের সুপার শরিফুল আলম জানান, বিকেলে বিকট শব্দ শুনে খোঁজখবর নেওয়া হয়। পরে দেখা যায়, কালিশংকপুর মোড়ের দিকে কারাগারের আবাসিক কোয়ার্টারের টিনের ওপর বিস্ফোরণ ঘটেছে। গাছের পাতা ও ডালপালার মধ্যে বিস্ফোরণ হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু ও প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে একই দিন ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত কারাগারের মূল ফটক লক্ষ্য করে একটি ককটেল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গাছের ডালপালা ও পাতার মধ্যে বিস্ফোরণ হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।
একই দিনে কারাগারের দুটি স্থাপনা লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে কারা কর্তৃপক্ষ ও পুলিশ।