Dhaka Mail Logo

সারাদেশ

ধোবাউড়ায় ১১ কিলোমিটার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রিন্স

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

  • ২০টি প্রতিষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর
  • সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময়

দিনব্যাপী সরকারি সফরে ময়মনসিংহের ধোবাউড়ায় এসে ১১ কিলোমিটার দীর্ঘ প্যাঁচাই খাল পুনঃখননের উদ্বোধন করেছেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ ছাড়া তিনি উপজেলার ২০টি প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে জেলা পরিষদের অনুদানের প্রথম কিস্তির ১৯ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন এবং সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

সফর শেষে বিকেলে ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে আয়োজিত জনসমাবেশে প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। অন্যদিকে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে পরনির্ভরশীল তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল হিসেবে কাজ করেছেন এবং এখনো করে যাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। প্রিন্স বলেন, ‘বাংলাদেশে আর আধিপত্যবাদের খেলা চলবে না।’

খাল পুনঃখননের উদ্বোধন

এর আগে দুপুরে ঘোষগাঁও ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কেশিয়াপাড়া গ্রামে সমিতির সদস্য ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে এবং ভিত্তিফলক উন্মোচনের মাধ্যমে প্যাঁচাই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। পরে পাশের এরশাদ বাজারে প্যাঁচাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আয়োজিত জনসমাবেশে যোগ দেন।

১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হচ্ছে। এর মধ্যে মূল খাল ৫ কিলোমিটার এবং পাঁচটি শাখা খাল মিলিয়ে ৬ কিলোমিটার, অর্থাৎ মোট ১১ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। জাপানভিত্তিক সংস্থা জাইকার অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তদারকিতে প্যাঁচাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।

জনসমাবেশে যা বললেন প্রিন্স

সমাবেশে প্রিন্স বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল, অন্য কোনো শক্তির পদানত হওয়ার জন্য নয়। যে জাতি বারবার রক্ত দিয়ে গোলামির শৃঙ্খল ভেঙেছে, সেই জাতি আর কখনো বিদেশি শক্তির আধিপত্য মেনে নেবে না।

দেশবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি এলাকায় কঠোর নজরদারি বাড়াতে হবে, যাতে কেউ নাশকতার অপচেষ্টা চালাতে না পারে।

আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিন। যে স্বার্থবাদী ও ক্ষমতালোভী নেতৃত্ব আপনাদের বিপদের মুখে ফেলে বিদেশে পালিয়ে গেছে, তাদের নির্দেশে আবারও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ বিপন্ন করবেন না।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে কৃষি বিপ্লব ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে প্রিন্স বলেন, সেই উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করছে।

প্যাঁচাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, মাহবুবুল আলম বাবুল, আবুল কাশেম ডলার, ফরহাদ আল রাজি ও ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন এবং সমিতির সাধারণ সম্পাদক আদম আলী।

এর আগে সকালে ধোবাউড়ায় পৌঁছে জেলা পরিষদের প্রশাসক উপজেলার ২০টি প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে জেলা পরিষদের বরাদ্দ করা ৩৯ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির ১৯ লাখ ৫০ হাজার টাকার চেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রকল্প কমিটির কাছে হস্তান্তর করেন। এ ছাড়া তিনি উপজেলার সরকারি কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।