জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে আট যাত্রীর কাছ থেকে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৩৬ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও ওসমানী বিমানবন্দর কাস্টমস যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই ফ্লাইটে আসা আট যাত্রীর কাছ থেকে মোট ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা। এ ঘটনায় পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে কাস্টমস কর্তৃপক্ষ ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করেছে।
স্বর্ণ জব্দের তথ্য নিশ্চিত করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন বলেন, বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে স্বর্ণ আনা-নেওয়া বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/ এজে